বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিরাপত্তাব্যবস্থা ভেঙে ব্যক্তিগত ও ব্যবসায়িক গোপন তথ্যে প্রবেশ করেছে হ্যাকাররা। সাইবার হামলার বিষয়টি স্বীকার করেছে সংস্থাটি। তবে কতজনের তথ্য আক্রান্ত হয়েছে কিংবা কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনো প্রকাশ করেনি ফিফা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে ফিফার এক মুখপাত্র সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ফিফা নিশ্চিত করছে যে তারা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।’
হামলার সময়, এর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী এবং তথ্য চুরির কৌশল সম্পর্কে বিস্তারিত জানায়নি ফিফা। এমনকি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যাও প্রকাশ করেনি সংস্থাটি।
এক বিবৃতিতে ফিফা জানায়, ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনা কঠোরভাবে নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের গোপনীয়তার অধিকারের গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন।
এদিকে হামলার বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার সংরক্ষিত মোট তথ্যের শূন্য দশমিক ১ শতাংশেরও কম আক্রান্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত তথ্যে কী ধরনের সংবেদনশীল বিষয় রয়েছে, তা স্পষ্ট নয়।
সাইবার হামলার ঘটনায় ফিফার বাতিল হওয়া বাণিজ্যিক প্রকল্প ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নিয়েও আলোচনা তৈরি হয়েছে। বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় নতুন কাঠামো তৈরির পরিকল্পনা ছিল প্রকল্পটির। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, হ্যাকাররা ওই প্রকল্পের কোনো নথিতে প্রবেশ করতে পারেনি।
কেকে/ এসএমএন