পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নারী ফুটবল টুর্নামেন্ট ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। খেলা দেখতে উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো দর্শক।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকেই দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দর্শকেরা মাঠে আসতে শুরু করেন। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। খেলা দেখার জন্য কেউ রেললাইনের পাশে, কেউ উঁচু স্থানে, আবার কেউ মাঠসংলগ্ন গাছের ডালে বসেন।
টুর্নামেন্টে অংশ নেয় নাটোর নর্থ বেঙ্গল প্রমীলা ফুটবল একাদশ ও দিনাজপুর নওশীন প্রমীলা ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে আয়োজক কমিটি উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে।
পৌর বিএনপির নয় নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক বরাত আলী ও আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাছিরসহ অনেকে।
কেকে/ এসএমএন