দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩৩.৩ ওভারে ৯১ রানেই গুটিয়ে গেছে টাইগারদের ইনিংস। দলের প্রথম সারির ছয় ব্যাটসম্যান ৮৫ রানের মধ্যেই সাজঘরে ফেরেন।
বাংলাদেশের ইনিংসে শুরু থেকেই চাপ তৈরি করেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। প্রথম টেস্টে কাগিসো রাবাদার বোলিং তোপে বিপর্যস্ত হয়েছিল টাইগাররা। এবার রাবাদা উইকেট পাওয়ার আগেই সতীর্থ মার্কো ইয়ানসেন, এনরিখ নরকিয়া ও ওয়ায়ান মুল্ডার বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান।
দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর আরেক ওপেনার মাহফিজুল ইসলামকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ব্যাটসম্যানরা। তবে ৩৬ রানের জুটি ভাঙতেই আবারও ছন্দপতন ঘটে।
এরপর চার রানের ব্যবধানে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৬০ রানে সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ, ৭৩ রানে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং ৮৫ রানে তাওহিদ হৃদয় আউট হলে আরও বিপাকে পড়ে বাংলাদেশ।
একপর্যায়ে দ্রুত একের পর এক উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৯১ রানেই থামে দলের প্রথম ইনিংস।
কেকে/ এসএমএন