সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৫০ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন ও ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ চারজনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২২ আগস্ট) রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মো. দিলদার মিয়া (৩৫) ও মো. সুমন তালুকদারকে (২৮) আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
অপর একটি অভিযানে ধামরাই থানার বালিথা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো. মাসুম মিয়া ওরফে মাজুকে (২৪) ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
এ ছাড়া আশুলিয়া থানার নবীনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী জান্নাত হোসেন সোহাগকে (২৯) আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি সূত্র আরও জানায়, আটক দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/এলএ