আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায়।
পূর্বাভাস অনুযায়ী, আজ দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ সার্বিকভাবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত দেওয়া হয়নি। আবহাওয়া অধিদপ্তরের ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোনো নদীবন্দরের জন্য সতর্কসংকেত দেখানোর প্রয়োজন নেই।
কেকে/সাশ