সাত দফা দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। তাদের এ দাবিগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট উদ্যোগ নেওয়া না হলে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আয়োজিত পথসভায় এ হুঁশিয়ারি দেন মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন।
পরিবহন শ্রমিকদের সাত দফা দাবিগুলো হলো— প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র দেওয়া, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধ করা এবং বেতন-ভাতা নিশ্চিত করা; শ্রমিক ও তাদের পরিবারের জন্য ঢাকায় বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণ; অবসরের পর বাধ্যতামূলক শ্রমিক পেনশনের ব্যবস্থা অথবা এককালীন আর্থিক সহায়তা দেওয়া; শ্রমিক পরিবারের জন্য আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন; শ্রমিকদের ছেলে-মেয়েদের লেখাপড়া বিনামূল্যে করার ব্যবস্থা এবং ঢাকা মহানগরের প্রতিটি বাসস্ট্যান্ড বা আশপাশে শ্রমিকদের বিশ্রামের জন্য পুলিশ বক্সের মতো শ্রমিক বক্স নির্মাণ।
পথসভায় মো. আনোয়ার হোসেন বলেন, ‘পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পথসভা করা হচ্ছে। পল্লবী থেকে শুরু করে মিরপুর, ১৪ নম্বর, ১০ নম্বর, ১২ নম্বর, মোহাম্মদপুর, উত্তরা ও আবদুল্লাহপুরসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হবে।’
তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে। প্রত্যেক চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করতে হবে। লাইসেন্স ছাড়া সড়কে গাড়ি চালানো যাবে না। সুপারভাইজার ও কন্ট্রাক্টর ছাড়া রাস্তায় গাড়ি চালানো যাবে না। একই সঙ্গে শ্রমিকদের ইউনিয়নের আওতায় এনে পরিচয়পত্র গ্রহণ করতে হবে।’
এ ছাড়া যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মো. আনোয়ার হোসেন আরও বলেন, ‘কোনো শ্রমিক কর্মক্ষেত্রে বা পারিবারিকভাবে সমস্যায় পড়লে ইউনিয়নের হেল্পলাইনে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন। দুর্ঘটনা বা চিকিৎসার প্রয়োজন হলে আর্থিক সংকটে থাকা শ্রমিকদের সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও ইউনিয়নের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
সভায় বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা সারাদিন পরিশ্রম করলেও তাদের বিশ্রামের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই প্রতিটি বাসস্ট্যান্ডে শ্রমিকদের জন্য বিশ্রামের জায়গা তৈরির দাবি জানানো হয়েছে।
মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেন, ‘সাত দফা দাবি আদায়ে আরও পাঁচটি পথসভা করা হবে। এসব পথসভা চলাকালে সরকারের উচ্চপর্যায় থেকে দাবিগুলো নিয়ে সুস্পষ্টভাবে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া না হলে শ্রমিকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’
তিনি বলেন, দাবি আদায়ে প্রয়োজনে ১০ হাজার পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের প্রায় ৫০ হাজার সদস্যদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে রক্ত দেওয়ার কথাও বলেন তিনি।
পথসভায় মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আ. আজিজ বেপারী, সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম এবং সহ-সভাপতি মো. আলমগীর কবীর, মো. বশিরুল আলম, মো. নূরুল আমিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শহীদুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পরিবহন শ্রমিকদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও খাবার বিতরণ করা হয় এবং শ্রমিকদের সচেতনতা তৈরির কর্মসূচি পালন করা হয়।
কেকে/এআই