শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “শিক্ষায় আমরা বিশ্বে প্রথম হতে চাই। কিন্তু এখনো আমরা তেমন কিছু করতে পারিনি। আমাদের আরও কাজ করতে হবে।”
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা মেধাবী। তাদের একটি উপযুক্ত নির্দেশনার মধ্যে এনে শিক্ষাক্ষেত্রে উন্নতি আনতে হবে। আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার বিষয়ে অনেক গুরুত্ব দিচ্ছেন। এখন নজরদারি ও তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়ন করতে হবে। শিক্ষায় আমরা বিশ্বে প্রথম হতে চাই। কিন্তু এখনো আমরা তেমন কিছু করতে পারিনি। আমাদের আরও কাজ করতে হবে।”
তিনি বলেন, “ইউনেসকোর এআই সম্মেলনে গিয়ে আমি বুঝতে পেরেছি, আমরা এখনো অনেক পিছিয়ে। আমাদের শিক্ষার্থীদের চাকরির উপযোগী করতে হবে। কারিগরি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে। অনেক শিক্ষক দায়িত্বে অবহেলা করছেন। অসংখ্য শিক্ষার্থী নকল করছে। শিক্ষায় এসব অনিয়ম দূর করতে হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় টাকা উপার্জনের জায়গা নয়। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইনবিষয়ক ডিগ্রির পরীক্ষার ফরম পূরণের ফি তিনগুণ করা হয়েছে। এটা বাড়াবাড়ি। সরকার শিক্ষাখাতে প্রচুর অর্থ দিচ্ছে। এরপরও কেন এটা করা হলো? টাকা উপার্জন করা তো বিশ্ববিদ্যালয়ের কাজ নয়। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষাঙ্গনের কাজ।”
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান ও প্রো-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আলী জিন্নাহ।
কেকে/সাশ