দেশের ভবিষ্যৎ কেমন শিক্ষাক্রম চাই— এ ব্যাপারে শিক্ষাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের মতামত জানতে সুধীজন সংলাপের আয়োজন করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
আগামীকাল রোববার (২৯ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিশিষ্টজনেরা অংশ নেবেন।
সংলাপে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) এবং দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, সংলাপে দেশের জন্য কেমন শিক্ষাক্রম প্রয়োজন, তা নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরবেন। শিক্ষার বর্তমান চাহিদা, বিদ্যমান শিক্ষাক্রমের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সংলাপ থেকে পাওয়া মতামত ভবিষ্যৎ শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনে কাজে লাগতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, ‘শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত বিবেচনায় নেওয়া হলে শিক্ষাক্রমের লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়নযোগ্য বিষয়গুলো চিহ্নিত করা সহজ হবে।’
কেকে/এমএ