মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০      ● ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত রাখল বিমান      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯      ● হামের উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি      ● ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস      ● আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১      ● বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ২      
শিক্ষা
এনটিআরসিএর শিক্ষক নিয়োগে বড় পরিবর্তনের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম আপডেট: ২৪.১১.২০২৬ ৯:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রস্তাবিত ২৩০ নম্বরের পরিবর্তে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক (তিন ধাপে) মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি শূন্য পদের বিপরীতে প্রার্থী বাছাইয়ের সংখ্যা দুইজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাবও আলোচনায় এসেছে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ বিধিমালা ও সংশ্লিষ্ট পরিপত্র সংশোধন নিয়ে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়। 

সকাল ১১টায় শুরু হওয়া সভা দুপুর ২টার পর শেষ হলেও বিধিমালা সংশোধনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

সভায় আলোচনায় আসা প্রস্তাব অনুযায়ী, শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রিলিমিনারিতে ১০০, লিখিত পরীক্ষায় ২০০ ও মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার চিন্তা করা হচ্ছে। এর আগে তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতে এনটিআরসিএ একটি খসড়া পরিপত্রও তৈরি করেছিল। 

তবে মঙ্গলবারের সভায় পরীক্ষার নম্বর বাড়িয়ে ৪০০ করার নতুন প্রস্তাব সামনে আসে।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষক নিয়োগের পরীক্ষা আরও প্রতিযোগিতামূলক ও মানসম্মত করতে নম্বর বণ্টনে পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়েছে। তবে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। এ বিষয়ে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শুধু পরীক্ষার নম্বর নয়, শূন্য পদের বিপরীতে প্রার্থী বাছাইয়ের অনুপাত পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে। বর্তমানে এমসিকিউ ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন প্রার্থী বাছাইয়ের বিধান রয়েছে। নতুন প্রস্তাবে এই অনুপাত ১:২ থেকে বাড়িয়ে ১:৩ করার কথা বলা হয়েছে। অর্থাৎ একটি পদের বিপরীতে তিনজন প্রার্থীকে বাছাইয়ের সুযোগ রাখার চিন্তা চলছে। সংশোধিত বিধিমালার খসড়ায় আগের ১:২ অনুপাতের বিধানটি বাদ দেওয়া হলেও নতুন অনুপাত এখনো নির্দিষ্ট করা হয়নি।

এ ছাড়া শিক্ষক নিয়োগে প্রার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার সুযোগ কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, একাধিক প্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখার কারণে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতা তৈরি হয়। এসব সমস্যা কমাতে পছন্দক্রমের সংখ্যা সীমিত করার প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এ বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।

সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা ও বাছাই প্রক্রিয়াকে আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। এমনকি এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার মান বিসিএস পরীক্ষার কাছাকাছি নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে কোনো প্রস্তাবই এখনো চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি।

সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এনটিআরসিএর শিক্ষক নিয়োগ   পরিবর্তনের আভাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close