নতুন তিনটি বিভাগ চালু এবং স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগে এগিয়ে যাচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে অর্থনীতি, আইন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য আগামী তিন মাসের মধ্যে ৯৯ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তিনটি বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত খসড়ায় আগের দিন স্বাক্ষর করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই বিভাগগুলোর একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
নতুন বিভাগগুলোর জন্য ১৮টি শিক্ষক পদ ও ছয়টি কর্মচারী পদসহ মোট ২৪টি পদ অনুমোদন দেওয়া হয়েছে। এসব পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে বিভাগগুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত হবে। তবে বিভাগগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়টিতে ইইই বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে আধুনিক বিশ্বের চাহিদা ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব বিবেচনায়। প্রযুক্তি, বিদ্যুৎ, ইলেকট্রনিকস, যোগাযোগব্যবস্থা ও শিল্পপ্রতিষ্ঠানে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। এ বাস্তবতায় প্রকৌশল শিক্ষার সুযোগ সম্প্রসারণে নতুন বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে অর্থনীতি ও আইন বিভাগ চালু হলে সামাজিক বিজ্ঞান ও আইন শিক্ষার পরিধি বাড়বে। অর্থনীতি বিভাগে শিক্ষার্থীরা অর্থনৈতিক ব্যবস্থাপনা, উন্নয়ন, নীতিনির্ধারণ ও বাজারব্যবস্থা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। আইন বিভাগ চালু হলে আইন ও বিচারব্যবস্থাসংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার নতুন সুযোগ তৈরি হবে।
নতুন তিনটি বিভাগ চালু হলে বিশ্ববিদ্যালয়টিতে মোট বিভাগের সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতটিতে। এতে বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান ও আইন শিক্ষার ক্ষেত্র সম্প্রসারিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিষয় নির্বাচনের সুযোগও বাড়বে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য আগামী তিন মাসের মধ্যে ৯৯ একর জমি অধিগ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
জমি অধিগ্রহণ সম্পন্ন হলে ভবিষ্যতে একাডেমিক ও প্রশাসনিক ভবন, শিক্ষার্থীদের আবাসন, গবেষণাগার, লাইব্রেরিসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সুযোগ তৈরি হবে। এতে বিশ্ববিদ্যালয়টির দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বিভাগ চালু ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমেও নতুন মাত্রা যুক্ত হবে।
কেকে/ এসএমএন