রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে। আবেদন চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ (মানবিক), ‘বি’ (বাণিজ্য) ও ‘সি’ (বিজ্ঞান)—এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ‘বি’ ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে পরে তা পরিবর্তনের সুযোগ থাকবে না।
আবেদনের যোগ্যতা
২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), এইচএসসি (ভোকেশনাল), এ লেভেলসহ নির্ধারিত সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।
২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষাবোর্ড প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন।
আবেদন ফি
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ও ‘সি’ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। এর মধ্যে মূল ফি ১ হাজার ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২০ টাকা।
অন্যদিকে, ‘বি’ ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল ফি ১ হাজার টাকা এবং সার্ভিস চার্জ ১০০ টাকা।
‘এ’ ইউনিটের অধীনে কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। ‘বি’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট রয়েছে। আর ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো অন্তর্ভুক্ত।
এ ছাড়া ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক বিশেষ শর্ত পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদেরও অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তের প্রয়োজনে হিজাব পরিহিত নারী শিক্ষার্থীদের নারী পরিদর্শকের মাধ্যমে যাচাই করা হবে।
পুনর্নিরীক্ষণ, পুনর্মূল্যায়ন ও সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেকে/ এমএস