কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সংকট দেখা দিয়েছে। ফলে শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। একদিকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সংকট, অন্যদিকে শ্রেণিকক্ষে পাঠদান ও দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত শিক্ষকদের। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম, বাড়ছে শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ।
রাজারহাট উপজেলায় ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ছাত্র ৮ হাজার ৩১ জন এবং ছাত্রী ৮ হাজার ৮১২ জন। এসব শিক্ষার্থীর পাঠদান ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে নিয়মিত প্রধান শিক্ষক ছাড়াই।
নীলেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া ইফতেখার হোসেন রাঙ্গা বলেন, ‘প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানের দ্বিগুণ চাপ সামলাতে হচ্ছে। জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এ কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান কমে যাচ্ছে।’
রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজারহাটের সাতটি ইউনিয়নে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৩টি। এসব বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষকের পদ ৭৬৬টি। এর মধ্যে ৫২টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। বাকি ৭১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এসব শূন্য পদের মধ্যে ২০টিতে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্ব পালন করছেন এবং ৫১টিতে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সহকারী শিক্ষকের ৩১টি পদও শূন্য রয়েছে।
বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুদু মিয়া বলেন, ‘প্রতিদিন আমাকে ৩-৪টি ক্লাস নিতে হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। একদিকে ক্লাসের চাপ, অন্যদিকে প্রশাসনিক কাজ- সব মিলিয়ে হিমশিম খেতে হচ্ছে।’
এদিকে কতজন শিক্ষক উপজেলা, জেলা, বিভাগ কিংবা বিভাগের বাইরে ডেপুটেশনে কর্মরত রয়েছেন, তার সুনির্দিষ্ট তথ্য শিক্ষা অফিসে নেই বলে জানা গেছে। ফলে বিদ্যালয়ভিত্তিক প্রকৃত শিক্ষক সংকট নিরূপণ এবং পাঠদান পরিস্থিতি মূল্যায়নেও জটিলতা তৈরি হচ্ছে।
এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টির সঙ্গে পদোন্নতির বিষয়টি জড়িত। পদোন্নতি হলে প্রধান শিক্ষকের পদগুলো আর শূন্য থাকবে না। আমরা শূন্য পদের তালিকাসহ প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। গ্রেডেশন ও পদোন্নতির তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে পাঠানো হবে। আশা করছি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।’
কেকে/এমএ