সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
শিক্ষা
গাকৃবিতে নবীন ৫৫ গবেষককে নিয়ে ওরিয়েন্টেশন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা ও গবেষণার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ভর্তি হয়েছেন ৫৫ শিক্ষার্থী। অটাম ২০২৬ টার্মে এমএস ও পিএইচডি প্রোগ্রামে নবভর্তিকৃত এসব শিক্ষার্থীকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৫২ জন এমএস ও ৩ জন পিএইচডি শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এতে সভাপতিত্ব করেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অতিথি ও শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা গাকৃবির সমৃদ্ধ একাডেমিক ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।

নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ পর্বে এমএস শিক্ষার্থী সাদিয়া আফরিন মুক্তা এবং পিএইচডি শিক্ষার্থী রাকিবুল হাসান শাওন নিজেদের প্রত্যাশা ও অনুভূতি ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে আবাসিক হলের ব্যবস্থাপনা ও নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান। সহশিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সুযোগ-সম্ভাবনা তুলে ধরেন ছাত্রকল্যাণবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অন্যদিকে, উচ্চশিক্ষা ও গবেষণার কাঠামো, একাডেমিক নীতিমালা এবং সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে বিস্তারিত ধারণা দেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণায় নিষ্ঠা, একাগ্রতা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা নবীন শিক্ষার্থীদের গাকৃবিতে স্বাগত জানান। 

তিনি বলেন, ‘দেশের কৃষিবিজ্ঞান ও টেকসই কৃষি উন্নয়নে অবদান রাখতে সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। উচ্চশিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান এবং মানুষের কল্যাণে অবদান রাখা। আমি প্রত্যাশা করি, গাকৃবির সমৃদ্ধ গবেষণা পরিবেশ কাজে লাগিয়ে নবীন গবেষকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন।’ 

এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, অটাম ২০২৬ টার্মে গাকৃবিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীদের গাকৃবিতে আগমন বিশ্ববিদ্যালয়টির উচ্চশিক্ষা ও গবেষণার প্রতি ক্রমবর্ধমান আগ্রহ এবং আন্তবিশ্ববিদ্যালয় একাডেমিক সংযোগের ইতিবাচক প্রতিফলন।

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়   গাকৃবি   নবীন গবেষক   উচ্চশিক্ষা   গবেষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close