শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শুধু প্রচলিত চাকরির পেছনে না ছুটে নিজেদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির চিন্তা করতে হবে। পেশাগত জীবনে সাফল্য অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে হবে।’
আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে এহছানুল হক মিলন আরও বলেন, ‘পেশাগত জীবনে সাফল্য অর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের প্রতিও দায়িত্ব পালন সমান গুরুত্বপূর্ণ। নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন সমস্যার সমাধান, বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন ও অন্যদের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করতে হবে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এমন দক্ষ পেশাজীবী প্রয়োজন, যারা শুধু প্রযুক্তিগতভাবে যোগ্য নন, একই সঙ্গে সৎ, উদ্ভাবনী এবং দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাদের সেই লক্ষ্য ছিল শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীকে জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রসার এবং তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
কর্মসংস্থান খুঁজে পাওয়াকে অনেক সময় বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, ‘প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই নতুন সম্ভাবনা ও সুযোগ থাকে। তাই তরুণদের শুধু প্রচলিত চাকরির চিন্তায় সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। একই সঙ্গে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের দক্ষতা ও নতুন ধারণা কাজে লাগানো গেলে দেশে নতুন শিল্প গড়ে উঠবে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে।’
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা আবুল হায়াত। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ