প্রথম প্রেম—এ যেন এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি। সবকিছুই তখন নতুন মনে হয়। ভালো লাগতে শুরু করে মানুষটির প্রতিটি অভ্যাস, কথা বলা, হাসি। লুকিয়ে লুকিয়ে কখনো স্কুলের বারান্দায়, কখনো কলেজের করিডোরে। নিছক বন্ধুত্বের নাম দিয়ে ঘুরে বেড়ানো। যেন এক অদ্ভুত মায়ায় আটকে থাকে মন।
সময় পরিক্রমায় সেই সম্পর্কের রূপ বদলায়, ধরন বদলায়, মানুষটিও হয়তো বদলে যায়। কিন্তু প্রথমবার শুরু হওয়া সেই অনুভূতিটা আর বদলায় না। হৃদয়ের এক কোণে প্রথম প্রেম ঠিকই নিজের জায়গা করে নেয়। লোকে বলে, প্রথম প্রেম ভোলার নয়—অনেকের জীবনে সেটিই যেন সত্য হয়ে দাঁড়ায়।
আজ ১৮ সেপ্টেম্বর, ‘প্রথম প্রেম দিবস’। দিনটি জীবনের প্রথম ভালো লাগা বা প্রেমের স্মৃতিকে ফিরে দেখার একটি উপলক্ষ। বিভিন্ন সূত্রে ২০১৫ সাল থেকে দিবসটির প্রচলনের কথা উল্লেখ করা হয়েছে।
প্রথম প্রেমের গল্প সবার এক রকম নয়। কারও গল্প শুরু হয় স্কুলের বেঞ্চে পাশাপাশি বসা থেকে, কারও কোচিং সেন্টারের পরিচয়ে। কেউ সাহস করে মনের কথা বলে ফেলেন, কেউ আবার বছরের পর বছর অনুভূতিটা লুকিয়ে রাখেন। কারও প্রথম প্রেম পরিণতি পায় সংসারে, আবার কেউ হারিয়ে ফেলেন প্রিয় মানুষটিকে সময়ের স্রোতে।
প্রথম প্রেমের সবচেয়ে বড় সৌন্দর্য হয়তো এর সরলতায়। তখন ভালোবাসার হিসাব থাকে না, থাকে না ভবিষ্যতের জটিল পরিকল্পনাও। থাকে শুধু অপেক্ষা—কখন দেখা হবে, কখন কথা হবে, কখন একটি ছোট্ট বার্তা আসবে। প্রিয় মানুষটির সামান্য হাসিও তখন সারাদিনের আনন্দ হয়ে ওঠে।
প্রথম প্রেমে থাকে অনেক ‘প্রথম’ অনুভূতি—প্রথম কারও জন্য অপেক্ষা করা, অকারণে মোবাইলের দিকে তাকিয়ে থাকা, কারও নাম শুনে লজ্জা পাওয়া, প্রথম চিঠি কিংবা প্রথমবার নিজের অনুভূতি প্রকাশের সাহস। জীবনের ব্যস্ততায় সেই দিনগুলো অনেক দূরে চলে গেলেও হঠাৎ কোনো গান, পরিচিত রাস্তা কিংবা একটি নাম ফিরিয়ে আনতে পারে পুরোনো সেই সময়।
তাই প্রথম প্রেম মানেই শুধু একজন মানুষ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি বয়স, একটি সময়, কিছু স্বপ্ন আর অসংখ্য ছোট ছোট মুহূর্ত। মানুষটি পাশে থাকুক কিংবা দূরে, প্রথম প্রেমের স্মৃতিতে হয়তো আজও লুকিয়ে আছে এক টুকরো হাসি, একরাশ আবেগ আর হারিয়ে যাওয়া এক সুন্দর সময়।
প্রথম প্রেম হয়তো জীবনের শেষ প্রেম নয়, কিন্তু অনেকের কাছেই এটি এমন এক গল্প—যার প্রথম পাতাটি কখনো পুরোপুরি বন্ধ হয় না।
কেকে/সাশ