রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় একটি মার্কেটেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের ওপরের একটি মসজিদে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান চালাতে যায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা মিরপুরের আইডিয়াল কলেজের সামনে জড়ো হন। অন্যদিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থান নেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইডিয়াল কলেজের সামনে সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় একটি মার্কেটে আগুন ধরিয়ে দেওয়া হলে তা ওপরের মসজিদে ছড়িয়ে পড়ে।
তারা আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জবাবে ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় পুলিশের তুলনায় ফুটপাতের ব্যবসায়ীদের সংখ্যা বেশি ছিল। একপর্যায়ে ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যরা পিছু হটেন।
কেকে/সাশ