বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ ফেব্রুয়ারি কমিশনের দেওয়া আদেশের ভিত্তিতে ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ফার্নেস অয়েলের প্রকাশিত প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি সেপ্টেম্বর মাসে আমদানি করা ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং ডলারের বিনিময় হারও মূল্য সমন্বয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে।
বিইআরসি আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে ফার্নেস অয়েলের প্রতি লিটার দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সায় দাঁড়াল।
কেকে/এআই