দেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পবিষয়ক বিশেষায়িত ম্যাগাজিন টেক্সটাইল ফোকাস এক দশক পূর্ণ করেছে। একই আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শিল্পের টেকসই উন্নয়ন ও ব্যবসায়িক সংযোগভিত্তিক নতুন প্ল্যাটফর্ম সাস্টেইনেবল বিজনেস কানেক্ট (এসবিসি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের।
অনুষ্ঠানে টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বিভিন্ন সংগঠনের নেতা, উদ্যোক্তা, কারখানা মালিক, ব্র্যান্ড প্রতিনিধি, শিক্ষাবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও সরবরাহকারীরা অংশ নেন। এতে শিল্পসংশ্লিষ্ট ৫০০-এর বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টেক্সটাইল ফোকাসের গত ১০ বছরের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম (রিয়াদ)।
তিনি বলেন, ‘বৈশ্বিক পরিসরে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করছে টেক্সটাইল ফোকাস। এক দশকের পথচলায় শিল্পের পরিবর্তন, প্রযুক্তির অগ্রগতি, টেকসই উন্নয়নের চাহিদা, আন্তর্জাতিক প্রতিযোগিতা, ভোক্তাদের পরিবর্তিত প্রত্যাশা, গুরুত্বপূর্ণ শিল্পঘটনা ও নতুন উদ্ভাবন তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।’
এ সময় তিনি টেক্সটাইল ও অ্যাপারেল খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
নতুন প্ল্যাটফর্ম সাস্টেইনেবল বিজনেস কানেক্টের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন এর চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।
তিনি জানান, টেকসই উন্নয়ন ও ব্যবসাকে একই প্ল্যাটফর্মে এনে মানুষ, ধারণা, প্রযুক্তি, অর্থায়ন ও ব্যবসায়িক সুযোগের মধ্যে সংযোগ তৈরি করতে কাজ করবে এসবিসি। এর মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল করার লক্ষ্য রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের টেক্সটাইল ফোকাসের এক দশক পূর্তিতে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। পাশাপাশি নতুন প্ল্যাটফর্মটি শিল্পের টেকসই ব্যবসায়িক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএমএ মুখপাত্র আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সংগঠনের নেতারা টেক্সটাইল ফোকাসকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং সাস্টেইনেবল বিজনেস কানেক্টের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর পরিচালক শাহ রায়েদ চৌধুরী ও নাফিস-উদ-দৌলা, বিপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বায়লার সভাপতি আব্রার হোসাইন সায়েম, বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ এবং আইটিএলটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টেকসই উন্নয়ন নিয়ে বিশ্বব্যাপী বাড়তে থাকা গুরুত্বের প্রেক্ষাপটে সাস্টেইনেবল বিজনেস কানেক্টের আত্মপ্রকাশ শিল্পসংশ্লিষ্টদের ইতিবাচক সাড়া পেয়েছে। ফটোসেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
কেকে/এআই