কম্পিউটার-এইডেড ডিজাইন বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়াতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘প্রফেশনাল সলিডওয়ার্কস বুটক্যাম্প’ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ডব্লিউইউবি-এমটিই ক্লাবের যৌথ উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর এ বুটক্যাম্প শুরু হয়। শিক্ষার্থীদের শিল্পভিত্তিক প্রকৌশল কাজের জন্য প্রস্তুত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
দুই মাসব্যাপী এ বুটক্যাম্পে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রকৌশল ও পণ্য ডিজাইনে বহুল ব্যবহৃত ক্যাড প্ল্যাটফর্ম সলিডওয়ার্কসের ওপর শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ডব্লিউইউবি-এমটিই ক্লাবের প্রধান উপদেষ্টা ফারহান মাহবুব এবং ফ্যাকাল্টি অ্যাডভাইজার আহমেদ ফারহানের তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট রায়হান আহমেদ মুন্না এবং রোটন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ক্যাডের ডিজাইনার সায়মুর রহমান।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাদার থ্রি-ডি মডেলিং ও মেকানিক্যাল ডিজাইনের প্রয়োজনীয় টুলস এবং কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বুটক্যাম্পে স্কেচিংয়ের মৌলিক বিষয়, পার্ট মডেলিং, অ্যাসেম্বলি ডিজাইন এবং একটি চূড়ান্ত প্রকৌশল প্রকল্প তৈরির মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব প্রকৌশল ডিজাইনে প্রয়োগের সুযোগ পাবেন।
বুটক্যাম্প সফলভাবে শেষ করা সব অংশগ্রহণকারীকে সনদ দেওয়া হবে। পাশাপাশি পুরো কার্যক্রমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা তিনজন অংশগ্রহণকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
আয়োজকরা জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ও শিল্প-উপযোগী দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাড ও ডিজাইন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দক্ষ ও কর্মজীবনের জন্য প্রস্তুত প্রকৌশলী গড়ে তুলতে এ বুটক্যাম্প ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শ্রেণিকক্ষের শিক্ষা ও পেশাদার কাজের বাস্তব প্রয়োগের মধ্যে ব্যবধান কমাতে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভাগ ও ছাত্র সংগঠনগুলোকে উৎসাহিত করা হচ্ছে।
কেকে/ এমএস