আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের সিনেমা ‘রইদ’-র সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও তিনটি পালক। কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীসহ তিনটি পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি।
‘রইদ’-এ সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন নাজিফা তুষি। একই উৎসবে সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার অর্জন করেছে।
কানাডার এ উৎসবটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিশেষ করে দক্ষিণ এশিয়ার নির্মাতা ও চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার অর্জন করেছিল।
‘রইদ’-র আন্তর্জাতিক যাত্রায় এর আগেও যুক্ত হয়েছে উল্লেখযোগ্য সাফল্য। সিনেমাটি নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছিল। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এটি।
চলতি বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও নির্বাচিত হয়েছে ‘রইদ’। ফলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি এবার অস্কারের মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে সিনেমাটি।
গ্রামীণ বাংলাদেশের পটভূমিতে অ্যাডাম-ইভের পৌরাণিক আখ্যানের অনুষঙ্গ নিয়ে নির্মিত হয়েছে ‘রইদ’। রহস্যময় এক গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে নাজিফা তুষির সঙ্গে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে তিনটি পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে ‘রইদ’-র গ্রহণযোগ্যতার পাল্লা আরও ভারী হলো।
কেকে/এআই