আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২’-র রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। ‘রান অ্যান্ড রাইজ ফর হিউম্যানিটি, রি-কল ১০২’ স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ম্যারাথান আয়োজন করতে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ কে সকলের মাঝে পরিচিত করতে এবং অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে মূলত এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস।
আগমী ২৮ নভেম্বর ২১.১ কিমি, ১০ কিমি, ৫ কিমি ও ছোটদের জন্য ১.০২ কিমি এ চারটি ক্যাটাগরিতে সকলের জন্য উন্মুক্ত ম্যারাথনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ক্যাটাগরিগুলো জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা। এ ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। ৫ অক্টোবর দুপুর ১২টা থেকে রেজিস্টেশন শুরু হবে। ম্যারাথনটিতে মোট ৫ হাজার ১০২ জন অংশগ্রহণ করতে পারবেন।
ম্যারাথনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জ এর সামনের ৩০০ ফিট এক্সপ্রেস ওয়ে-তে শুরু হবে।
ম্যারাথনের বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, ‘অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেরিতে সংবাদ পেয়ে থাকি। ফায়ার সার্ভিস হটলাইন নম্বর ১০২-কে মানুষের মাঝে আরও পরিচিত করতে পারলে রেসপন্স টাইম কমে আসবে এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ কমে আসবে।’
এ ছাড়াও তিনি বলেন, ‘এর মাধ্যমে ফায়ারফাইটার ও সাধারণ মানুষের মেলবন্ধন সৃষ্টি হবে ও হৃদ্যতা বৃদ্ধি পাবে।’
তিনি সকলকে ‘এআইএমএস সার্টিফাউড ২০২৬ ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’ এ অংশগ্রহণ করে নিরাপদ বাংলাদেশ গড়তে অবদান রাখতে এবং ফায়ার হটলাইন নম্বর ১০২ সকলের মাঝে প্রচারের আহ্বান জানান।
কেকে/এআই