দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদনের শুনানি আজ বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
আসামিপক্ষ দাবি করেছে, বাদীপক্ষের সঙ্গে আপস হয়েছে এবং তারা জামিনে আপত্তি করবে না। এর ভিত্তিতে নতুন করে জামিন আবেদন করা হয়েছে। তবে এর আগে একই মামলায় নজরুলের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছিলেন।
গত ৫ অক্টোবর তার আইনজীবী মাহাবুবুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আবেদন করেন। আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। ফলে আপসনামা ও বাদীপক্ষের অবস্থান জামিনের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
মামলার পর নজরুলকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। অন্য আসামি ওবায়দুর রহমানও গ্রেপ্তার হয়েছেন এবং তার জামিন শুনানির দিনও নির্ধারিত রয়েছে।
কেকে/সাশ