সমস্ত জীবন নিজের জন্য বাঁচা হয় না
কিছুটা থেকে যায় প্রিয় মানুষের চোখে
কিছুটা মিশে যায় পুরোনো গানের সুরে
কিছুটা ঝরে পড়ে কবিতার পাতায়।
যতটুকু সুখ পেয়েছি দুই হাত ভরে
তার চেয়েও বেশি জমেছে না-পাওয়ার ধুলো
বুকের গোপন কুঠুরিতে তাদের রেখে
আমি বহুবার ফুলের ছবি এঁকেছি।
কত মানুষ বৃক্ষের ছায়ার মতো এসে
রোদের মাঝখানে একা ফেলে চলে গেছে
কত মুখ মুছে গেছে স্মৃতির উঠোন থেকে
শুধু তাদের দেওয়া ক্ষত এখনো জেগে আছে।
সেই ক্ষত ছুঁয়ে জন্ম নেয় পঙ্ক্তিরা
কালির ভেতর নামে বুকের জমা ব্যথা
শব্দেরা আমার পাশে চুপ করে বসে
দুঃখের গায়ে পরিয়ে দেয় রঙিন পোশাক।
জীবন আমাকে যা কিছু দেয়নি
কবিতা তার চেয়েও বেশি ফিরিয়ে দিয়েছে
আমার ফুরিয়ে যাওয়া সমস্ত দিন
অক্ষরের শরীরে আজও বেঁচে আছে।
কেকে/ এমএস