গ্রহ-নক্ষত্রের মতো শুদ্ধ আমার ভালোবাসা
মেঘের ফাঁকে ফাঁকে যতদূর আমার চোখ যায়
তার চেয়েও বিস্তৃত আমার ভালোবাসার আকাশ।
আমার ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই, অধিক লাভের আশায় তাতে ফরমালিন মিশিয়ে বাজারে বিক্রি করি না।
এ ভালোবাসায় মিশে আছে আবেগ, মমতা আর হৃদয়ের গভীরতম অনুভূতি।
সাগরের ঢেউয়ের ভাঁজে ভাঁজে আজও তোমার প্রতিচ্ছবি খুঁজি।
পড়ন্ত বিকেলের সোনালি আলোয় খাঁটি সোনার মতো মনে হয় তোমার মুখ।
আমি ভালোবাসি, এখনো ভালোবাসি— সময়ের পরিবর্তনেও সেই অনুভূতির এতটুকু পরিবর্তন হয়নি।
পাহাড়, নদী, সাগর— কোনোটাই আর আগের মতো টানে না আমাকে।
চারদিকে আজ অস্থিরতা, ক্ষমতার দম্ভ, মৃত্যুর মিছিল। এসব আমাকে ভীত করে, তোমাকে নিয়ে মনে জাগে অজানা শঙ্কা।
তাই তো তোমাকে আগলে রাখতে চাই, বারবার ফিরে যাই স্মৃতির কাছে।
আমি ভালোবাসি এখনো, হয়তো আগের চেয়েও গভীরভাবে।