মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অংশ নেওয়ার বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার বাইরে কেউ কোনো কাজ করলে প্রধানমন্ত্রী এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে তিনি তা প্রমাণ করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যান্য চাকরিজীবীদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই। এ বিষয়ে বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আইনি প্রক্রিয়ায় সমাধান না আসা পর্যন্ত সংশ্লিষ্টরা নির্বাচনে অংশ নিতে পারবেন। এ বিষয়ে বিদ্যমান আইন অপরিবর্তিত রয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা রয়েছে। সরকারের কর্মকাণ্ডের মধ্য দিয়েই এর প্রতিফলন দেখা যাবে।
সম্প্রতি অনিয়মের মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বক্তব্য প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, বিরোধী দল রাজনীতির অংশ হিসেবে বিভিন্ন বিষয় সামনে আনছে এবং বিরোধিতা করছে। সার ডিলার নিয়োগ নিয়ে তাদের বক্তব্য সরকার গ্রহণযোগ্য মনে করে না। এ নিয়োগের ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ