জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা কাটিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান।
বুধবার(২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে চাপে পড়ে বাংলাদেশ। অন্যদিকে, জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে আফগানিস্তান। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটের হিসাবও মাথায় রাখতে হবে বাংলাদেশকে।
পয়েন্ট তালিকার হিসাব অনুযায়ী, এক ম্যাচে জয় পেয়ে +৩.১৬০ নেট রান রেট নিয়ে শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ।
ফাইনালে উঠতে কঠিন সমীকরণ
আফগানিস্তানের বিপক্ষে জিতলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হচ্ছে না। ফাইনালের টিকিট পেতে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। আর পরে ব্যাটিং করলে লক্ষ্য ও জয়ের সময়ের ওপর নির্ভর করবে ফাইনালে ওঠার সম্ভাবনা।
সমীকরণ অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য তাড়া করতে হলে ৪০.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য পেলে জিততে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১.১ ওভারের মধ্যে। এ ছাড়া ২৫০ রানের লক্ষ্য হলে ৪১.৩ ওভার, ২৬০ রানে ৪১.৪ ওভার, ২৭০ রানে ৪১.৫ ওভার, ২৮০ রানে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে ৪২.২ ওভারের মধ্যে জিততে হবে টাইগারদের।
অন্যদিকে, বড় ব্যবধানে জিততে পারলে নেট রান রেটে জিম্বাবুয়েকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশের। তবে আফগানিস্তানও রান রেটে অনেক এগিয়ে থাকায় তাদের হারালেই ফাইনালের পথ সহজ হবে না। তাই ম্যাচের শুরু থেকেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই পরিকল্পিত ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে।
পরিসংখ্যানে এগিয়ে আফগানিস্তান
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সাম্প্রতিক লড়াইয়ে এগিয়ে আফগানরা। সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে তারা। এই পাঁচটি জয় এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।
পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স—দুই দিক থেকেই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ কঠিন। তবে ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে হলে চাপ সামলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে তাওহীদ হৃদয়ের দলকে।
সব মিলিয়ে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু জয়-পরাজয়ের লড়াই নয়, বরং ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখারও পরীক্ষা। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়া কিংবা প্রতিপক্ষকে কম রানে আটকে রাখার পাশাপাশি দ্রুত রান তোলার কৌশলও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কঠিন সমীকরণ পেরিয়ে টাইগাররা শেষ পর্যন্ত ফাইনালের দৌড়ে টিকে থাকতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
কেকে/সাশ