রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি মোবাইল ফোন, সিম, যানবাহন, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ২০৬ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১১০ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল ও গুলশান বিভাগে ৭৮ জন করে, লালবাগ বিভাগে ৪৭ জন, রমনা বিভাগে ৩৮ জন এবং উত্তরা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া স্পেশাল রিজার্ভ ইউনিট (এসআরইউ) ও গোয়েন্দা বিভাগে চারজন করে গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন।
এ ছাড়া পুলিশ ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা এবং নগদ ৩২ হাজার ৫৩০ টাকা উদ্ধার করেছে। জুয়া খেলার ১০৪টি কার্ড, আটটি খাতা ও গাঁজা ভর্তি কলকি কাটারও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কেকে/সাশ