মাদরাসায় বলাৎকার ও অন্যান্য অশালীন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ ধরনের ঘটনা প্রতিরোধে ইমামদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নেন ধর্মমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, মাদরাসায় মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে এ ধরনের নিন্দনীয় ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দিতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমামদের উদ্দেশে তিনি আরও বলেন, কোনো পক্ষ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
ধর্মমন্ত্রী বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য তুলে ধরতে হবে। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। তাই অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা তৈরিতে তাঁদের কার্যকর ভূমিকা রাখা জরুরি।
এ সময় ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বাড়ানোসহ নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া মন্ত্রীর সামনে তুলে ধরেন।
কেকে/সাশ