সিরাজগঞ্জে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল রাখার মামলায় রমজান আলী (৫৫) নামে বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় বাসের সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লতিফ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইল জেলার হিংগানগর গ্রামের বশির উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় যাওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।
এ সময় নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে আটক করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।
পরে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত বাসচালক রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং মামলার অপর আসামি সুপারভাইজার রিফাতুল ইসলামকে বেকসুর খালাস দেন।
কেকে/সাশ