রাজধানীর মোহাম্মদপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। এসব ঘটনায় দেশীয় অস্ত্র, চাপাতি ও সামুরাই ব্যবহারের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ৮ ও ৯ নভেম্বর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান, আজিজ মহল্লার টিক্কাপাড়া ও জেনেভা ক্যাম্প এলাকায় এসব ঘটনা ঘটে। ধারাবাহিক এসব সহিংসতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
চাঁদ উদ্যানের সোনামিয়া টেকে হামলা
প্রথম হামলার ঘটনা ঘটে ৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁদ উদ্যানের সোনামিয়া টেক এলাকার ১ নম্বর রোডের সোহেলী হাউজিংয়ে। অভিযোগ রয়েছে, ৮ থেকে ৯ জনের একটি দল দেশীয় অস্ত্র ও সামুরাই নিয়ে কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে রোমান ও ইয়াসিন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত জুয়েল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগে হামলাকারী হিসেবে ভুলু, আরিফ, সাদ্দাম, জুবায়ের, সোহাগ ও সাগরের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজন ছিল বলেও অভিযোগ রয়েছে।
যুবদলের সাবেক নেতাসহ দুজনকে কোপানো
দ্বিতীয় হামলাটি ঘটে একই দিন রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ২৯ নম্বর ওয়ার্ডের আজিজ মহল্লার টিক্কাপাড়া এলাকায়। এফ ব্লকের ৭/১৫ নম্বর এলাকায় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান মিজান ও তাঁর দোকানে আসা ক্রেতা মো. মেহেদী হাসানকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
জেনেভা ক্যাম্পে সালিশি বৈঠক ঘিরে সংঘর্ষ
তৃতীয় ঘটনাটি ঘটে ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে জেনেভা ক্যাম্পের বি-ব্লক এলাকায়। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসায় বিহারিদের সংগঠন এনএলআরসির কার্যালয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে এক পক্ষের লোকজন অপর পক্ষের ওপর চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এতে ববিন (২৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি ক্যাম্পের ই-ব্লকের ৪১২ নম্বর বাসার বাসিন্দা। তাঁর বাবার নাম শরফুদ্দিন। আহত ববিনসহ আরও একজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা
অল্প সময়ের ব্যবধানে তিনটি হামলার ঘটনায় মোহাম্মদপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশি টহল ও নজরদারি বাড়াতে হবে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম মুঠোফোনে খোলা কাগজকে বলেন, ‘ঘটনাগুলো আমরা অনুসন্ধান করছি। এজাহার দিলে মামলা নেওয়া হবে।’
কেকে/সাশ