নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিলটি বের হয়। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাল চত্বরে গিয়ে মিছিল শেষ করেন।
এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব মো. রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতেও স্লোগান দিতে দেখা যায় তাদের।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্রদল কাজ করে যাচ্ছে। তার অভিযোগ, সোমবার রাতে নিষিদ্ধ সংগঠনের ডাকা ধর্মঘটের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, শান্তিপূর্ণ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কোনো স্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ছাত্রলীগের প্রশ্নে কোনো আপস করা হবে না।
কেকে/সাশ