জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ : প্রেক্ষিত ৭ নভেম্বর’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবির সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ছাদিকের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বক্তব্যে তিনি উত্তরাঞ্চলে শিক্ষার প্রসার, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে নিজের অনুভূতি এবং ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি স্বাধীনতার ঘোষণা, জিয়াউর রহমানের ভূমিকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়েও আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সব সময়ই গণ-আন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে। ৭ নভেম্বর আমাদের জাতীয়তাবাদের জন্মদিন। ৭ নভেম্বর হয়েছিল বলেই জিয়াউর রহমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কোনো গুম, খুন বা হত্যার মাধ্যমে তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেননি; বরং সিপাহি-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সব ক্রান্তিকালে আমরা দেখেছি, তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।’
শিক্ষাব্যবস্থার সংস্কার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘যে ইতিহাসগুলো পাঠ্যবই থেকে তুলে দেওয়া হয়েছিল, সেগুলো নতুন করে আবার পাঠ্যবইয়ে নিয়ে আসা প্রয়োজন। ১৭ বছরে আমাদের শিক্ষাব্যবস্থায় যে অবক্ষয় হয়েছে, সেটির জন্য আমাদের কাজ করতে হবে। ইউজিসির সদস্য হিসেবে আমার যতটুকু সাহায্য করার প্রয়োজন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তা করব।’
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করেছিল। বর্তমানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দলই বাংলাদেশকে একটি নিরাপদ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশের কৃষি ও শিল্প খাত থেকে শুরু করে তৈরি পোশাকশিল্পের যে অগ্রগতি হয়েছে, তার সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। এসব উন্নয়নের ভিত্তি তার হাত ধরেই তৈরি হয়েছিল। তাই ৭ নভেম্বর আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। সভায় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন