ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ডব্লিউইউবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকী ইমাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম দেশের শিল্প ও উৎপাদন খাতের উন্নয়নে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি, জ্বালানির অপচয় রোধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নবীন প্রকৌশলীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শেখার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অপারেটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. সৈকত রায়হান এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যানেজার নীতিশ কান্তি মজুমদার।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ বিভাগের ডিন এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ. কিউ. এম. শফিউল আজম বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, পেশাগত দক্ষতা অর্জন এবং নিরবচ্ছিন্ন জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের অধ্যবসায় ও অর্জনের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সমাপনী বক্তব্যে তিনি বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিয়ে তাদের পেশাগত ও মানবিক বিকাশে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থী নূর তুষার এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, ল্যাবরেটরির কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনুষ্ঠানিক পর্ব শেষে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। পরে শিক্ষক ও অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা গ্রুপ ফটোসেশনে অংশ নেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনের পরিবেশনায় কনসার্টের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
কেকে/সাশ