কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম এবং স্থানীয় অটোরিকশাচালক সুজন (৩২)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আহত দুজনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি প্রধান ফটকের সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে ফটকের আশপাশে থাকা দুজন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘আনুমানিক সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ক্যাম্পাস গেটে বিকট শব্দ হয়। পরে আনসার সদস্যদের কাছ থেকে ককটেল বিস্ফোরণের খবর পান। ঘটনাস্থল পরিদর্শনে কৌটা, আলপিন বা বারুদ ব্যবহার করে তৈরি হোমমেড ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধোঁয়ার কারণে আনসার সদস্যরা কাউকে শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়িকে জানিয়ে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
কেকে/ এসএমএন