ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে অনুষদ ভবনের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবার শেষে একটি গাড়ির দরজা খুলতে গেলে সেটিতে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় আরও একজন আহত হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেন, ভবনের ওপরের দিক থেকে ককটেল ছোড়া হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া গেছে। এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কেকে/সাশ