ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর এবার মহানগরের বিভিন্ন থানা কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহ্যবাহী এলাকা মোহাম্মদপুর থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা নিজেদের প্রার্থিতা জানান দিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দলের দুঃসময়ে ত্যাগের বিষয়গুলো সামনে রেখে পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
সভাপতি পদে আলোচনায় রয়েছেন শফি উল্লাহ সরকার (লিটন), শুক্কুর আলামীন ও মাজারুল ইসলাম (রাসেল)। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা প্রত্যাশা করছেন আইয়ুব আলী খান (আইয়ুব), মির্জা রাজিবুল আলম রয়েল ও আল-আমীন মো. রিপনসহ আরও কয়েকজন। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসবেন, তা নির্ধারণ করবে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্ব।
গত ৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্যসচিব করা হয়। বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
এদিকে মহানগর উত্তর যুবদলের অধীন বিভিন্ন থানা কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা ও আলোচনা বাড়ছে। বিশেষ করে মোহাম্মদপুর থানা যুবদলের নেতৃত্ব কার হাতে যাচ্ছে, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহ্যবাহী জনপদ মোহাম্মদপুর
মোট পাঁচটি ওয়ার্ড এর মধ্যে ২৯, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত মোহাম্মদপুর থানা। টাউন হল কাঁচাবাজার, কৃষি মার্কেট, লালমাটিয়া, ইকবাল রোড, শ্যামলী, রিং রোড, শিয়া মসজিদ, রায়েরবাজার, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, আসাদ এভিনিউ, জেনেভা ক্যাম্প, তিন রাস্তার মোড়, বসিলা ও ঢাকা উদ্যানসহ গুরুত্বপূর্ণ জনবসতি ও বাণিজ্যিক এলাকা রয়েছে এ থানার আওতায়। পাশাপাশি বেশ কয়েকটি আবাসন প্রকল্প এবং নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে এখানে।
মোগল আমলের স্থাপত্য থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন মোহাম্মদপুরকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি। এখানকার সাত গম্বুজ মসজিদ মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন। কাছেই রয়েছে প্রাচীন অজানা সমাধি। অন্যদিকে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের স্মৃতিবিজড়িত রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ এ এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদুজ্জামানের স্মৃতিও বহন করছে আসাদ গেট ও আসাদ এভিনিউ।
এ ছাড়া টাউন হল ও জেনেভা ক্যাম্প এলাকার কাবাব, চাপ, হালিমসহ ঐতিহ্যবাহী খাবারের জন্যও মোহাম্মদপুরের আলাদা পরিচিতি রয়েছে। তবে ঐতিহ্য ও সম্ভাবনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে এ এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও দখলবাজির অভিযোগও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। ফলে নতুন নেতৃত্বের সামনে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার চ্যালেঞ্জও রয়েছে এলাকাটিতে।
সভাপতি পদে শফি উল্লাহ সরকার (লিটন)
মোহাম্মদপুর থানা যুবদলের সভাপতি পদপ্রত্যাশী শফি উল্লাহ সরকার (লিটন) খোলা কাগজকে বলেন, ‘১৯৯৬ সাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার পথচলা শুরু।’
জানা যায়, ছাত্রজীবনে শাজাহানপুরের ৪৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জিয়ামঞ্চের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মোহাম্মদপুরে সক্রিয় হন। বিএনপির রাজনীতি করার কারণে একসময় এলজিইডির অডিট অফিসারের সরকারি চাকরি হারাতে হয়েছে তাকে। মোহাম্মদপুর থানা জিয়ামঞ্চের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী অফিসার্স ফোরাম ঢাকার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
রাজনৈতিক কারণে অতীতে ১১টি মামলা এবং একবার কারাবরণ করতে হয়েছে তাকে। দীর্ঘ ১২ বছর বিভিন্ন হামলা-মামলার কারনে নিজ বাসায় থাকতে পারেননি। তার ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিকবার ভাঙচুর ও লুটপাট এবং পরিবারের সদস্যদের নির্যাতনের শিকার হতে হয়েছে বলে জানান তিনি।
শফি উল্লাহ সরকার লিটন জানান, মোহাম্মদপুর থানা যুবদলের দায়িত্ব দেওয়া হলে একটি সুসংগঠিত সাংগঠনিক ইউনিট উপহার দিতে চান। বিশেষ করে পিছিয়ে পড়া ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ তৈরি করবেন।
সভাপতি পদে প্রার্থী মো. শুক্কুর আল আমিন
সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মো. শুক্কুর আল আমিনও।
২২ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে নেতৃত্বে আসতে চান রাসেল
মোহাম্মদপুর থানা যুবদলের সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মাজারুল ইসলাম রাসেল।
স্কুলজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।
এছাড়াও বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
তিনি জানান, দীর্ঘ প্রায় ২২ বছরের রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বর্তমানে তার বিরুদ্ধে ৩৭টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া তাকে দুই মাস ১৯ দিন কারাভোগ করতে হয়েছে।
রাসেল বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন হিসেবে মোহাম্মদপুর থানা যুবদলের নেতৃত্বে দায়িত্ব পালন করতে চাই। দায়িত্ব পেলে ত্যাগী ও পিছিয়ে পড়া নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি একটি শক্তিশালী ও সুসংগঠিত থানা কমিটি গড়ে তুলতে চাই।
সাধারণ সম্পাদক পদে আইয়ুব আলী খানের প্রত্যাশা
মোহাম্মদপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আইয়ুব আলী খান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সাবেক ৪৫ নম্বর (বর্তমান ৩২ নম্বর) ওয়ার্ড যুবদলের সদস্যসচিব, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য এবং সর্বশেষ মোহাম্মদপুর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে ১৮টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এবং দুইবার কারাবরণ করতে হয়েছে।
এছাড়া রাজনৈতিক প্রতিকূলতার কারণে তার ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিকবার ভাঙচুর ও লুটপাটের ঘটনাসহ পরিবারের সদস্যরাও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা যায়।
আইয়ুব আলী খান খোলা কাগজকে বলেন, তাকে কাঙ্ক্ষিত দায়িত্ব দেওয়া হলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা ও ত্যাগী যুবদল কর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।
২২ বছরের রাজনৈতিক পথচলায় সাধারণ সম্পাদক হতে চান রয়েল
মোহাম্মদপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছে মির্জা রাজিবুল আলম রয়েলও। দীর্ঘ প্রায় ২২ বছর ধরে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি।
জানা যায়, ছাত্রজীবনে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক বিজ্ঞানবিষয়ক সম্পাদক হন। এরপর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতিসহ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ‘আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানের উপকমিটির সদস্য নির্বাচিত হন।
রয়েলের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে মামলা ও হামলার শিকার হয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে ১৩টি রাজনৈতিক মামলা বিচারাধীন রয়েছে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কথাও তুলে ধরেন তিনি।
মির্জা রাজিবুল আলম রয়েল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করাই তার রাজনৈতিক অঙ্গীকার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে মোহাম্মদপুর থানা যুবদলকে সুসংগঠিত করার পাশাপাশি পিছিয়ে পড়া ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।
সাধারণ সম্পাদক পদে রিপনের প্রত্যাশা
মোহাম্মদপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আল-আমীন মো. রিপনও। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে সামনে রেখে নেতৃত্বে আসতে চান তিনি।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৩ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পথচলা শুরু হয় তার। ২০০৫ সালে সরকারি বাংলা কলেজের ছাত্রদলের সদস্য ও পরবর্তী সময়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এরপর ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদ্য সাবেক কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
রিপনের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে আটটি মামলা হয়েছে। নানা প্রতিকূলতা ও মামলা-হামলার মধ্যেও দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি তিনি।
জানতে চাইলে রিপন খোলা কাগজকে বলেন, দল তাকে কাঙ্ক্ষিত দায়িত্ব দিয়ে মূল্যায়ন করলে নিপীড়িত ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াবেন। একই সঙ্গে কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। মোহাম্মদপুরকে অপরাধমুক্ত ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করার পাশাপাশি যুবদলকে শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনে পরিণত করতে কাজ করে যাবেন।
নেতৃত্ব নির্বাচনে সাংগঠনিক দক্ষতাই হবে বড় বিবেচ্য
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মোহাম্মদপুর থানা যুবদলের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় শেষ পর্যন্ত সমঝোতা, সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ এবং মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতার বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সমস্যার বিরুদ্ধে সামাজিক ও সাংগঠনিক ভূমিকা রাখার প্রত্যাশা স্থানীয়দের। পাশাপাশি ঐতিহ্যবাহী এ এলাকার রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করাও নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
সব মিলিয়ে মোহাম্মদপুর থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীরা।
কেকে/ এমএস