ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে ও তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কার করা হবে এবং শিগগিরই শুরু করে আগামী পাঁচ বছরের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরবোজ্জ্বল অবদান এবং কৃতি ফুটবলারদের স্মৃতি স্মরণ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী ঘোষণা দেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে অতিদ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
আমিনুল হক বলেন, ‘খেলোয়াড়রা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সেজন্য তাদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।’
তৃণমূলের মেধা ও প্রতিভাকে তুলে আনার প্রক্রিয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
সমাজকে সুশৃঙ্খল এবং মাদকমুক্ত রাখার ওপর জোর দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পেশাদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিলে সমাজ থেকে সব অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব হবে।’
কেকে/এমএ