শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পরিবারের জন্য ব্যাংকিং সেবা সহজ করা এবং বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধে ছাড় দিতে সমঝোতা স্মারক সই করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডব্লিউইউবি ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সন্তানেরা ডব্লিউইউবিতে ভর্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা ছাড় পাবেন। পাশাপাশি কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধ করলে অতিরিক্ত ১০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে।
চুক্তির আওতায় শিক্ষাঋণ, বেতন ব্যবস্থাপনা, ক্যাম্পাসে ব্যাংকিং ও ফি সংগ্রহের বুথ, অগ্রিম বেতন এবং ক্রেডিট কার্ডসহ বিভিন্ন আর্থিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং কার্যক্রম আরও সহজ হবে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমতিয়াজ উদ্দিন এবং ডব্লিউইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম, ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধ সহজ করার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাব্যয় নির্বাহে আর্থিক সহায়তার সুযোগ বাড়বে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান।
কেকে/সাশ