রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে একটি এবং একই দিন সকালে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাস তিনটির বিভিন্ন অংশ পুড়ে গেছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ১১ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার খবর তারা পেয়েছিলেন।
অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে সড়কের পাশে পার্কিং করা আরও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব আসন, জানালার কাচ ও বডি পুড়ে যায়। এতে বাসটির আনুমানিক আট থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে, অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার পুড়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কেকে/সাশ