হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদে (বিএস ফ্যাকাল্টি) নবনির্মিত কনফারেন্স রুম উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে পিএইচডি ডিগ্রি অর্জনের স্বীকৃতিস্বরূপ অনুষদের চার শিক্ষককে পিএইচডি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত কনফারেন্স রুমের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি পিএইচডি ডিগ্রিধারী চার শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া অনুষদের চার বিভাগের চেয়ারম্যানের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. শেখ মোস্তাক আহাম্মদ, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক রাফিয়া আখতার, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। এ সময় অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বিজনেস স্টাডিজ অনুষদের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সদিচ্ছা থাকলে স্বল্প বাজেটেও সুন্দর ও মানসম্মত আয়োজন করা সম্ভব। এ জন্য অনুষদের চারটি বিভাগকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাখেন।’
নবনির্মিত কনফারেন্স রুমের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, ‘অনুষদের শিক্ষকদের প্রতি মাসে অন্তত একটি করে সেমিনার আয়োজন করা উচিত। একই সঙ্গে প্রতিটি বিভাগকে নিয়মিত সেমিনার ও ডিফেন্স আয়োজনের আহ্বান করেন।’
পরিশেষে উপাচার্য ইতিবাচক উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
কেকে/ এসএমএন