শিক্ষার্থীদের পাঠ ও গবেষণার সুযোগ সম্প্রসারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে লাইব্রেরির তৃতীয় তলার সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রমে ব্যয় হচ্ছে ১ কোটি ৩২ লাখ টাকার বেশি।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় তিনি লাইব্রেরির সদস্যপদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লাইব্রেরির পরিচালক ড. মো. মনিরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন উপগ্রন্থাগারিক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লাইব্রেরির পরিচালক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘লাইব্রেরির সেবার মান বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন বই সংগ্রহ, ই-রিসোর্স সংযোজন, অটোমেশন কার্যক্রম, পুরোনো পত্রিকা সংরক্ষণ এবং ভবন সম্প্রসারণের কাজ উল্লেখযোগ্য।’
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘উপাচার্যের দিকনির্দেশনা ও লাইব্রেরি প্রশাসনের প্রচেষ্টায় কেন্দ্রীয় লাইব্রেরিতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো তার লাইব্রেরি। শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবেশে পড়াশোনা এবং গবেষণার সুযোগ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। লাইব্রেরির আধুনিকায়ন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহায়ক হবে।’
আধুনিকায়ন কার্যক্রমের আওতায় নতুন বই ও ই-রিসোর্স সংগ্রহের পাশাপাশি লাইব্রেরি অটোমেশন, ভবন সম্প্রসারণ, ইন্টারনেট ও নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কেকে/এসএমএন