বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
খোলাকাগজ স্পেশাল
ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা
একাই মাঠে বিএনপি
শিপার মাহমুদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ এএম আপডেট: ১২.১১.২০২৬ ৯:৩৯ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতা ঠেকাতে রাজপথে সরব বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। কোথাও ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার চেষ্টা হলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলছেন দলটির নেতাকর্মীরা। তবে একই পরিস্থিতিতে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে রাজপথে সক্রিয় দেখা যাচ্ছে না। ফলে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে জামায়াত-শিবিরের অনুপস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার মুখে পড়েছে দলটি। যদিও জামায়াত বলছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান না আসা পর্যন্ত তারা রাজপথে নামবে না। তবে পরিস্থিতির অবনতি হলে যে কোনো সময় মাঠে নামার প্রস্তুতি রয়েছে তাদের।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খানও জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এটার প্রমাণ আশা করি আপনারা পেয়ে গেছেন।’

তিনি বলেন, এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি ছোট হলেও মাঠে রয়েছে। এ জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অন্যদিকে, সারা রাত রাজপথে পাহারা দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেন তিনি। তার ভাষ্য, ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের অলিগলিতে ঘুরছেন। আজও তারা রাজপথে থাকবেন। রাশেদ খাঁন আরও লেখেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেখানে অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে নামার বিষয়ে জামায়াতের অবস্থান কিছুটা ভিন্ন। দলটির সূত্র বলছে, তারা সিদ্ধান্ত নিয়েই এবার মাঠে নেই। সরকারের পক্ষ থেকে বিরোধী দলগুলোর প্রতি আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান না আসা পর্যন্ত রাজপথে নামতে চায় না জামায়াত।

দলটির নেতাদের ধারণা, সরকার বিরোধী দলকে বিভিন্নভাবে হয়রানি করছে। বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলেও তাদের অভিযোগ। এমন পরিস্থিতিতে সরকারের সঙ্গে সমন্বয় করে রাজপথে নামতে আগ্রহী নয় তারা। প্রধানমন্ত্রীও আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ তুলেছেন বলে দলটির নেতারা মনে করছেন।

গত মঙ্গলবার বিরোধীদলীয় সংসদীয় দলের সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংসদের বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্নবান জানালে তারা মাঠে নামবে। তবে পরিস্থিতির অবনতি হলে যে কোনো সময় নাশকতা প্রতিরোধে সক্রিয় হওয়ার প্রস্তুতি রাখবেন নেতাকর্মীরা।

সভা সূত্র জানায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেনকে ফোন করেছিলেন। মিরপুর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মাঠে নামানোর বিষয়ে কথা বলেন তিনি। বিষয়টি বিরোধীদলীয় সংসদীয় দলের সভায় আলোচনায় আসে।

এরপর সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রী একজন নির্বাচিত সংসদ সদস্যকে টেলিফোন করে কেন বিরোধী দল রাজপথে নামছে না, তা জানতে চেয়েছেন। তার প্রশ্ন, একজন অনির্বাচিত প্রতিমন্ত্রী কীভাবে একজন নির্বাচিত সংসদ সদস্যকে শাসান? শফিকুর রহমান বলেন, ‘সরকার যদি একাই সব পারে, ভালো। সরকার যদি ব্যর্থ হয়, বিরোধী দল দায়িত্ব পালনে ব্যর্থ হবে না।’

সভা সূত্রের দাবি, বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শিগগির রাজনৈতিক কর্মসূচি দিতে পারে জামায়াত। এদিকে রাজপথে সক্রিয় না থাকলেও ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব নাশকতা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা নাশকতা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারকে কঠোর হাতে এসব কর্মকাণ্ড দমন করতে হবে। অন্যথায় ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে। 

আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রশিবিরের নীরব ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাইয়ে ছাত্রশিবির নীরব ভূমিকা পালন করেছে। এখনো একই অবস্থানে রয়েছে সংগঠনটি।

ছাত্রদল নেতা নাসিরের অভিযোগ, আওয়ামী লীগ ফিরে এলে শিবির যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণেই তারা এখন নীরব রয়েছে। তার ভাষায়, ‘লীগের ছায়াতলে শিবির নিরাপদে থাকবে। যদি লীগ ফিরে আসে, তাহলে শিবির যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই এখন শিবিরের নীরব ভূমিকা।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাসির। তার মতে, এ সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রলীগের অপতৎপরতা মোকাবিলায় হাসিবের ভূমিকা রাখা উচিত ছিল। তবে হাসিবের ওপর ছাত্রলীগের হামলার নিন্দাও জানান তিনি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close