বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
খোলাকাগজ স্পেশাল
রমজান ঘিরে ফের সক্রিয় হচ্ছে বাজার সিন্ডিকেট
রবিউল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

পবিত্র রমজান মাস সামনে রেখে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ভোজ্য তেল, চিনি, চাল, ডাল, পেঁয়াজ, ছোলা, মসলা ও খেজুরের মতো রমজানের অতি প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এরই মধ্যে কারসাজি ও সিন্ডিকেটের মাধ্যমে ভোজ্য তেলের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। ছোলাসহ অন্যান্য পণ্যের কৃত্রিম সংকটের আভাস দেওয়া হচ্ছে। গত সেপ্টেম্বরে সয়াবিন তেলে লিটারে ৫ টাকা বাড়ার পর অক্টোবরে এক লাফে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সরকার রাজি হয়নি। কিন্তু সেই শঙ্কা কাটেনি। প্রতিবছর রমজান আসার কয়েক মাস আগে থেকেই বাজার উত্তপ্ত করা হয়। অসাধু ব্যবসায়ী, বিশেষ চক্র ও করপোরেট প্রতিষ্ঠানগুলো বাজার নিজেদের মতো নিয়ন্ত্রণ করে। ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেয়। এবারও সেই চক্র থেমে নেই।

বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেটের দাপটে প্রতি বছরই ভোক্তাদের দুর্ভোগে পড়তে হয়। অন্য দেশে রমজানে যেখানে দাম কমে; আমাদের দেশে তখন মুহুর্মুহু বৃদ্ধি পায়। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এখন থেকেই কঠোর নজরদারি চালাতে হবে। এমনিইতে তেল-গ্যাসসহ প্রায় সব পণ্যের বাড়তি দামে ভোক্তাদের নাভিশ্বাস অবস্থা; সেখানে রমজান ঘিরে যদি সিন্ডিকেট থামানো না যায়, তাহলে দুর্ভোগ আরও বাড়বে। তারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে এবং রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মসলা ও খেজুরসহ ১০টি পণ্যের এলসি (ঋণপত্র) খোলার ক্ষেত্রে ন্যূনতম মার্জিন রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনা আগামী ১৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। কিন্তু কঠোর নজরদারি যদি না থাকে তাহলে এতেও সুফল মিলবে না।

বাজারে নেই কঠোর নজরদারি

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার এবং পুঁজিবাজার— উভয় ক্ষেত্রেই তদারকির অভাব নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, কার্যকর নজরদারি না থাকায় সাধারণ ক্রেতা এবং বিনিয়োগকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আর করপোরেট প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে দাম বাড়িয়ে সেই ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছেন। সরকারকে আগে ভোক্তাদের দিকে মনোযোগ দিতে হবে। তাদের দুর্ভোগ দূর করতে হবে। 

টিসিবির কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান

টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) কার্যক্রমের পরিধি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ানোর জন্য বিভিন্ন সময়ে জোর আহ্বান জানানো হয়েছে। প্রতি রমজানে প্রতিষ্ঠানটি বিশেষ পণ্য বিক্রি করে থাকে। এবারও এই প্রতিষ্ঠানকে আরও বেশি পরিমাণে পণ্য বিক্রি করতে হবে। কারণ, বর্তমান নিত্যপণ্যের বাজারে জিনিসপত্রের চড়া দাম, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক সরবরাহ সংকটের এই সময়ে দেশের নিম্ন আয়ের মানুষের এমনিতেই নাভিশ্বাস অবস্থা। এরপর যদি সিন্ডিকেট দাম বাড়িয়ে দেয়, তাহলে কষ্টের আর শেষ থাকবে না। 

এখনই পদক্ষেপ না নিলে কঠিন অবস্থায় পড়তে হতে পারে 

রমজানকে সামনে রেখে এখন থেকেই ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ করেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি হচ্ছে। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। এই পরিস্থিতিতে ভোক্তাদের স্বস্তি ফেরাতে সিন্ডিকেট ভেঙে বাজারে কার্যকর নজরদারি নিশ্চিত করতে সরকারকে কাজ করতে হবে। আসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকেই সক্রিয় হয়ে উঠছে ব্যবসায়ী সিন্ডিকেট। এখনই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে রমজানে ভোক্তাদের আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

সিন্ডিকেট মানবে না সরকার, হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর 

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কোনো চেষ্টা সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজান সামনে রেখে বর্তমানে আমদানির পাইপলাইনে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিমাণ পর্যাপ্ত। ফলে রমজানে কোনো নিত্যপণ্যের ঘাটতি হবে না এবং সরবরাহ স্বাভাবিক থাকবে। সারা বছর তুলনামূলক স্থিতিশীল দামে নিত্যপণ্য, বিশেষ করে সবজি, সরবরাহ নিশ্চিত করতে আমাদের পরিকল্পিত সরবরাহব্যবস্থা দরকার। এজন্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদন করতে হবে। কোনো সবজি যদি জুলাইয়ে, কোনোটি নভেম্বরে এবং অন্য কোনোটি ফেব্রুয়ারিতে উৎপাদিত হয়; তাহলে সারা বছরই স্থিতিশীল সরবরাহ বজায় রাখা সম্ভব।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বাজার সিন্ডিকেট   রমজান   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close