বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
খোলাকাগজ স্পেশাল
নাশকতা ঠেকাতে কঠোর সরকার
রোকন উদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৪ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১১:১৬ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ডিসেম্বরকে সামনে রেখে পরিকল্পিত নাশকতায় নেমেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসররা। তারই অংশ হিসেবে সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের এসব অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। 

এরই মধ্যে সারা দেশে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পতিত শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
 
আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে তিনি আবেদন করেছেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনা যেহেতু দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, তাই তার নামে পাসপোর্ট কিংম্বা এনআইডি সরবরাহের সুযোগ নেই।

এদিকে শেখ হাসিনার এ ঘোষণার পরই দেশজুড়ে নাশকতা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাতে থাকে পতিত শক্তি। মূলত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে রেখে অস্থিরতা সৃষ্টি এবং রাজনৈতিক সমঝোতার জন্য সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা চলছে। সরকারি সূত্রগুলোর দাবি, পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির এই চেষ্টা নিয়ে সরকার খুব একটা বিচলিত নয়; তবে নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, গত সোমবার সকাল থেকে গত মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি।

পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত কয়েকজন নেতা দেশে নাশকতার উসকানি ও অর্থ জোগাচ্ছেন। সম্প্রতি ঢাকার মিরপুরসহ একাধিক ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কোন নেতার নির্দেশে এবং কত টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগে যুক্ত হয়েছেন, সে বিষয়ে তথ্য দিয়েছেন।

নাশকতার ঘটনা নিয়ে গতকাল অনলাইনে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। তবে নির্বিচার গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছেন আইজিপি। 

এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মী ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ছবি-ভিডিও ফেসবুকে শেয়ার করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এসব পোস্টে ঘটনার প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি নিজেদের সংশ্লিষ্টতার ইঙ্গিতও দেওয়া হচ্ছে। একে নাশকতার দায় কার্যত স্বীকার করার শামিল বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

গোপালগঞ্জে গতকাল ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসবের পর চার জেলায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গণমাধ্যমকে বলেন, ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে। নাশকতা ঠেকাতে চেকপোস্ট, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো হচ্ছে। শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, আগেই তথ্য সংগ্রহ ও ঝুঁকি নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ প্রধানের নেতৃত্বে যেসব নাশকতা করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিচ্ছি। আরও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।’

মাঠে নামছে বিএনপি

এদিকে বিএনপির সূত্র জানিয়েছে, বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে দলটি রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় থাকবে। ইতোমধ্যে রাজধানীর কোনো কোনো স্থানে নাশকতার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীদের সতর্ক অবস্থান ও বিক্ষোভ দেখা গেছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের বেআইনি, অন্যায় তৎপরতার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ করছে, এর বেশি কিছু নয়। বেআইনি, অন্যায় তৎপরতা আইনগত পদ্ধতিতে প্রশাসন ও আদালত দেখবে।

ঢাকায় নিরাপত্তা জোরদার

নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

গতকাল বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

আকতার হোসেন বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা 

জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে পিকনিকের আয়োজন করে নাশকতার পরিকল্পনার সময় পৌর আওয়ামী লীগের সভাপতিসহ ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ আক্কেলপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আরাফাত হোসেন (সঞ্জু), পৌর যুবলীগের দপ্তর সম্পাদক নাসিমুজ্জামান রকেট ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন রয়েছেন। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, আসামিরা সবাই এক জায়গায় জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করেছে। থানার হাজতে জায়গা না হওয়ায় রাতেই আসামিদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।

এদিকে সিরাজগঞ্জে রেললাইনে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, রেললাইনে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ওসি মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, সোমবার রাতে সায়দাবাদে রেললাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলে।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  নাশকতা   সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close