বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
ইতিহাস ও এতিহ্য
যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে গরুরদিয়ে হালচাষের ঐতিহ্য
মেহেদী হাসান শান্ত, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালীর দুমকি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা চিত্র। দেশজুড়ে ডিজিটালাইজেশনের সুবিধা যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি কৃষিভিত্তিক প্রযুক্তিতেও এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে সারা দেশ থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী গরু-লাঙ্গল দিয়ে জমি চাষের সেই চিত্র।

পটুয়াখালীর দুমকিতেও একসময় ভোরের আলো ফুটতেই মাঠে নেমে পড়তেন কৃষকরা। কাঠের লাঙ্গল, বাঁশ বা কাঠের জোয়াল কাঁধে বেঁধে জোড়া বলদ দিয়ে একরের পর একর জমি চাষ হতো। তখন গরু ছাড়া জমি চাষের কথা চিন্তাই করা যেত না। কিন্তু এখন সেই দৃশ্য আর দেখা যায় না বললেই চলে। ট্রাক্টর ও পাওয়ার টিলারের দখলে চলে গেছে গরু-লাঙ্গলের জায়গা।

এখন আর কৃষককে কাকডাকা ভোরে বা কুয়াশাচ্ছন্ন সকালে মাঠে যেতে হয় না। সুবিধামতো দিনে বা রাতেও ট্রাক্টর-পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ ও মই দেওয়া যাচ্ছে। পরিশ্রম ও সময় কমেছে ঠিকই, কিন্তু কমেছে ফসলের গুণগত মান ও স্বাদ, পাশাপাশি হ্রাস পাচ্ছে জমির উর্বরতাও বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মো. নূর ইসলাম হাওলাদার বলেন, একসময় দুমকি এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই গরু পালন করা হতো। গরু দিয়েই জমি চাষাবাদ করা হতো।

মুরাদিয়া ইউনিয়নের প্রবীণ কৃষক মো. ইউনুস আকন বলেন, যাদের গরু বা হাল ছিল না, তারা অন্যদের কামলা দিতেন। পরে হাল মালিকরা সময়মতো তাদের জমি চাষ করে দিতেন। এতে চাষের মৌসুমে কামলাদের উপরি আয়ের ব্যবস্থাও হতো।

আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল লতিফ খান জানান, জীবনের বেশিরভাগ সময় কেটেছে তার লাঙ্গল-জোয়াল আর গরুর পালের সঙ্গে। ১৩-১৫ বছর বয়সে বাবা অসুস্থ থাকায় সংসারের বড় ছেলে হিসেবে তাকেই চাচাদের সঙ্গে হালচাষের কাজ করতে হতো। বাড়িতে তিন জোড়া বলদ ছিল। এখন বয়স ও অসুস্থতার কারণে হাল ছেড়ে দিয়েছেন। যান্ত্রিকতার আগমনে গরু দিয়ে হালচাষ এখন হয় না বললেই চলে। পুরনো স্মৃতি আঁকড়ে ধরেই এখন সময় পার করছেন তিনি।

পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃষক শাহজাহান মুন্সী জানান, গরু দিয়ে হালচাষ করলে জমিতে ঘাস কম হতো। গরুর গোবর জমিতে পড়ায় প্রচুর জৈব সার তৈরি হতো, এজন্য ফসল ভালো হতো। আর ট্রাক্টর দিয়ে চাষে শব্দ দূষণসহ পরিবেশ দূষণ বাড়ে। গরুর গোবর বাড়ি থেকে জমিতে দেওয়া হতো, এতে পরিবেশও ভালো থাকতো।

স্থানীয়দের মতে, গরু দিয়ে হালচাষ ছিল গ্রামীণ কৃষকদের একমাত্র অবলম্বন। আধুনিকতার ছোঁয়ায় তা এখন বিলুপ্তির পথে। মানুষ এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে চায়, তাই গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা প্রায় কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে এখনো কিছু স্থানীয় কৃষক এই ঐতিহ্য লালন করে তা ধরে রাখার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, গরু দিয়ে হালচাষ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের মানুষের মাঝে অলসতা বাড়ছে। গরুর জৈব সার দিয়ে বাড়ির আঙিনায় যেসব শাকসবজি হতো, সেগুলো এখন আর হচ্ছে না। তাই গ্রামীণ ঐতিহ্য গরু দিয়ে হালচাষ ও গরু পালন টিকিয়ে রাখা প্রয়োজন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, ‘গরু ও লাঙ্গল ছিল পরিবেশ বান্ধব ও ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তিতে কম সময়ে কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরও পরিবর্তন আসবে। আধুনিকতার স্রোতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার গরু দিয়ে হালচাষের ঐতিহ্য।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close