একসময় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গ্রামবাংলার সামাজিক, প্রশাসনিক ও বিচারব্যবস্থার প্রাণকেন্দ্র ছিল ঐতিহ্যবাহী কাচারি ঘর। এখানেই বসত গ্রামের বিচার-সালিশ, জমিজমার বিরোধের নিষ্পত্তি, খাজনা আদায় ও সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আসর। মানুষের পদচারণা, মাতবরদের প্রজ্ঞা আর অসংখ্য স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই কাচারি ঘরগুলো আজ সময়ের নির্মম বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ইতিহাসের অতলে।
যথাযথ সংরক্ষণের অভাবে কোথাও টিনের চাল খসে পড়েছে, কোথাও ভেঙে পড়েছে কাঠের কাঠামো। আবার কোনোটি আগাছার আড়ালে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময় গ্রামের গৌরবের প্রতীক হিসেবে পরিচিত এসব কাচারি ঘর আজ নিঃশব্দে হারিয়ে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে—যেন অতীতের স্মৃতিবাহী এক নীরব প্রহরী।
স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত এসব কাচারি ঘরেই খাজনা আদায়, জমিজমার দলিলপত্র রচনা এবং গ্রামের বড় বড় বিরোধের মীমাংসা হতো। সমাজের সম্মানিত মাতবরদের উপস্থিতিতে এখানেই নেওয়া হতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা গ্রামীণ সমাজে শৃঙ্খলা, ন্যায়বিচার ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “বাপ-দাদার আমলে দেখেছি মাতবররা কাচারি ঘরে বসে বিচার করতেন। জমি নিয়ে কোনো বিরোধ হলে সবাই এখানেই আসত। এখনকার প্রজন্ম এসবের নামও জানে না। নব্বইয়ের দশক পর্যন্তও অনেক সামর্থ্যবান পরিবারের বাড়িতে কাচারি ঘর ছিল। সেখানে দূর-দূরান্ত থেকে আসা স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হতো, যাকে স্থানীয়ভাবে ‘জাগির’ রাখা বলা হতো। আজ সেই কাচারি ঘরগুলোও বিলুপ্তির পথে। সরকার উদ্যোগ নিলে অন্তত আমাদের এই ইতিহাস বেঁচে থাকত।”
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, অধিকাংশ কাচারি ঘরের টিনের চাল নেই, ভেঙে পড়েছে কাঠের কাঠামো। কোথাও কোথাও এসব ঘর গবাদিপশু রাখার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে।
দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে অচিরেই এসব স্থাপনা সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার জানান, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও এই অঞ্চলের কাচারি ঘরের বিশেষ পরিচিতি ছিল।
তিনি বলেন, ‘‘পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের প্রভাবশালী নেতা ও এমপিএ (এমএলএ) বফাত উদ্দিন তালুকদারের সময়ে এই কাচারি ঘরে সে সময়ের অনেক খ্যাতিমান রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তার নিয়মিত যাতায়াত ছিল।’’
জাহিদুর রহমান জানান, ১৯৯০ সালে আলতাফুর রহমান তালুকদারের মৃত্যুর পর কাচারি ঘরটি ধীরে ধীরে তার জৌলুশ হারাতে শুরু করে। বর্তমানে তাঁর তৃতীয় প্রজন্ম ঐতিহ্যের স্মারক হিসেবে ঘরটি সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্কুলশিক্ষক মো. খায়রুজ্জামান খান বলেন, “কাচারি ঘর শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের গ্রামীণ শাসনব্যবস্থা, সংস্কৃতি ও ইতিহাসের জীবন্ত দলিল। এগুলো ধ্বংস হয়ে গেলে নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের জীবনধারা ও সামাজিক ঐতিহ্য সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হারাবে।”
সাবেক মেয়র মোশাররফ হোসেন লেমন তালুকদার বলেন, ‘‘গ্রামীণ ঐতিহ্যের এই মূল্যবান নিদর্শন সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হবে।’’
ইতিহাসবিদদের মতে, কাচারি ঘর কেবল একটি স্থাপনা নয়; এটি একটি জনপদের সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক ইতিহাসের জীবন্ত দলিল। সময়ের অবহেলায় যদি এই ঐতিহ্য হারিয়ে যায়, তবে হারিয়ে যাবে গ্রামীণ সভ্যতার এক গৌরবময় অধ্যায়ও।
আজ প্রয়োজন সচেতনতা, সংরক্ষণ এবং সরকারি উদ্যোগ। কারণ, একটি কাচারি ঘর ভেঙে পড়া মানে শুধু একটি পুরোনো স্থাপনার বিলীন হওয়া নয়—বরং একটি জনপদের স্মৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের এক অমূল্য অংশ চিরতরে হারিয়ে যাওয়া।
সময়ের স্রোত থেমে থাকে না। কিন্তু ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বর্তমান প্রজন্মের। তাই কাচারি ঘরগুলোকে সংরক্ষণ করা মানে শুধু ইট-কাঠের একটি স্থাপনা রক্ষা করা নয়; বরং আমাদের গ্রামীণ সভ্যতার আত্মপরিচয়, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় সংরক্ষণ করা।
কেকে/এমএ