বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমিন রিজভী বলেছেন, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান বাংলাদেশে নেই। যারা দেশকে উপনিবেশ বা তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল প্রতিরোধ গড়ে তুলবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।
রিজভী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা বলেছেন। পাশাপাশি সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।”
তিনি বলেন, “যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে এবং শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হয়। যারা দেশকে অস্থিতিশীল করতে এবং গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচি।”
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
কেকে/সাশ