কিডনির সমস্যা, স্ট্রোক, ডেঙ্গু ও একাধিক সংক্রমণে অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করে অবশেষে হার মানলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। শেষ পর্যন্ত আর ফেরা হলো না।
সাহেদের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
অসুস্থতার মধ্যেও নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। প্রায় ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান শ্রোতাদের সামনে আনার পরিকল্পনা ছিল তার। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহের জন্য সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড বের করারও উদ্যোগ নিয়েছিলেন। প্রতিটি মাধ্যমে চারটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা ছিল।
শেখ সাহেদ আলী নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছিলেন। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত ছিলেন। তার গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পায়। এ ছাড়া তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে নিজের গান ও স্বতন্ত্র পরিবেশনার মধ্য দিয়ে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই শিল্পী।
কেকে/এমএ