শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
খেত খামার
পাকুন্দিয়ায় মাঠজুড়ে পেঁয়াজে পচন, মূলধন ফেরত নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাঠজুড়ে সবুজ পেঁয়াজের গাছ। কোথাও গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, কোথাও মাটির নিচে থাকা কন্দে ধরেছে পচন। পরিচর্যা করেও রক্ষা করতে পারছেন না কাঙ্ক্ষিত ফসল। অথচ এই পেঁয়াজ ঘিরেই মৌসুমের শুরুতে হাজার হাজার টাকা বিনিয়োগ করেছেন কৃষকেরা। এখন ফসলের এমন অবস্থা দেখে লাভের আশা ছেড়ে বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চলতি মৌসুমে মুড়িকাটা পেঁয়াজের ক্ষেতজুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। 

কৃষকদের অভিযোগ, অতিরিক্ত গরমে পেঁয়াজের কন্দে পচন ধরছে, নষ্ট হচ্ছে গাছ ও চারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজের পেঁয়াজের ক্ষেতও। 

ফলে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি ও পরিচর্যার ব্যয় মেটানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাকুন্দিয়ায় প্রায় ২৯০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। সাধারণত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে জমিতে পেঁয়াজের কন্দ রোপণ করেন কৃষকেরা। রোপণের কিছুদিন পর পাতা বড় হলে তা বিক্রি করে কন্দ কেনার খরচের একটি অংশ তুলে নেওয়ার সুযোগ থাকে। এরপর ৯০-১০০ দিনের মধ্যে পেঁয়াজ উত্তোলন করে বাজারজাত করা যায়।

উপজেলার জাঙ্গালিয়া, চরটেকী, তারাকান্দি, চরকাওনা, মুনিয়ারীকান্দা, চরফরাদী ও ঝাউগারচর এলাকায় দীর্ঘদিন ধরে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়ে আসছে। বেলে-দোআঁশ মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে এসব এলাকায় পেঁয়াজের ভালো ফলন হয়। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি বীজ থেকে পেঁয়াজ উৎপাদনেও পরিচিত এ উপজেলা। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এখানকার পেঁয়াজ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়।

পেঁয়াজ চাষকে কেন্দ্র করে উপজেলায় গড়ে উঠেছে কন্দ ও বীজের ব্যবসায়। মৌসুমের শুরুতে উত্তরবঙ্গ ও ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পেঁয়াজের কন্দ নিয়ে আসেন। কৃষকদের পাশাপাশি স্থানীয় বীজ ব্যবসায়ী ও পাইকাররাও এ ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে পেঁয়াজ চাষ শুধু কৃষকের আয় নয়, স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এবার মাঠে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দেওয়ায় কৃষিনির্ভর এ ব্যবসায়ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা :

চরটেকী গ্রামের পেঁয়াজচাষি শফিকুল ইসলাম দুই কাঠা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। এতে ছয় মণ কন্দ লেগেছে। ওষুধ ও সারসহ এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। সামনে পরিচর্যা ও শ্রমিকের মজুরিসহ আরও খরচ রয়েছে।

শফিকুল ইসলাম বলেন, ‘গত বছর পেঁয়াজ চাষ করে ভালো লাভ হয়েছিল। এবারও সেই আশায় আবাদ করেছি। কিন্তু গরমের কারণে ক্ষেতের অবস্থা ভালো না। ফলন কেমন হবে, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলন ও দাম না পেলে বিনিয়োগের টাকা তোলা কঠিন হবে।’

তারাকান্দি গ্রামের মানিক মিয়া আট শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছেন। এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। কিন্তু গরমে ফসলের অবস্থা ভালো না হওয়ায় এবার লোকসানের আশঙ্কা করছেন তিনি। 

তাঁর অভিযোগ, কৃষি বিভাগের লোকজন মাঠপর্যায়ে তাঁদের খোঁজখবর নিচ্ছেন না।

তিন কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছেন নাসিম উদ্দিন। তিনি বলেন, ‘গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। বীজের পেঁয়াজও তাপের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পর্যন্ত ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। সামনে পেঁয়াজ উত্তোলন ও শ্রমিকের মজুরিসহ আরও খরচ রয়েছে।’

কিন্তু ফসলের বর্তমান অবস্থা দেখে বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়েই শঙ্কায় আছেন তিনি। 

তাঁর ভাষ্য, আগে কৃষি বিভাগের একজন কর্মকর্তা নিয়মিত মাঠে এসে খোঁজখবর নিতেন। এখন তেমন কাউকে দেখা যায় না।

চরকাওনা গ্রামের ৭০ বছর বয়সী কৃষক সুরুজ মিয়ার অভিজ্ঞতায় এবার পরিস্থিতি ব্যতিক্রম। দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষ করছেন তিনি। 

তাঁর হিসাবে, এক কানি জমিতে পেঁয়াজ আবাদ করতে ১২ মণ কন্দ লাগে। ভালো ফলন হলে ৮০ থেকে ৯০ মণ পেঁয়াজ পাওয়া যায়। এবার সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ তাঁর প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে।

সুরুজ মিয়া বলেন, ‘গত বছর ৪০ হাজার টাকা খরচ করে ৮০ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেছিলাম। এবার গরমে পেঁয়াজে পচন ধরেছে। এত বছর পেঁয়াজ চাষ করেছি, কিন্তু এবারের মতো খারাপ অবস্থা দেখিনি। এবার লাভের আশা তো দূরের কথা, লোকসান গুনতে হবে কি না, তা নিয়েই চিন্তায় আছি।’

মুনিয়ারীকান্দা গ্রামের কৃষক মিনহাজ ১৪ শতাংশ জমিতে আড়াই মণ মুড়িকাটা পেঁয়াজের কন্দ রোপণ করেছেন। এ পর্যন্ত তাঁর প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। সামনে সার প্রয়োগ ও শ্রমিকের মজুরিসহ আরও ব্যয় রয়েছে। কিন্তু গরমে পেঁয়াজের অবস্থা খারাপ হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

কারও ক্ষেতে ভালো, কারও ক্ষেতে ক্ষতির চিত্র :

সব কৃষকের ক্ষেতের পরিস্থিতি অবশ্য এক রকম নয়। চরফরাদী গ্রামের কৃষক হাফিজ উদ্দিন হাবিব বলেন, পেঁয়াজ চাষে একই জমি থেকে পাতা, পেঁয়াজ ও ফুল—তিন ধরনের উৎপাদন পাওয়া যায়। এ কারণে এলাকায় এ চাষের জনপ্রিয়তা বেশি। এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে তাঁর প্রায় ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হয়েছে। 

ফলন ভালো হলে ৬০ থেকে ৬৫ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

একই গ্রামের কৃষক রফিক এবার আধা একর জমিতে পেঁয়াজ চাষ করেছেন। তার ভাষ্য, পেঁয়াজের পাতা ও ফুল বিক্রির পাশাপাশি বীজও সংরক্ষণ করা যায়। অন্যদের তুলনায় তাঁর ক্ষেতের অবস্থা কিছুটা ভালো।

তবে একই গ্রামের কৃষক সরুফা আক্তারের অভিজ্ঞতা ভিন্ন। তিনি ১১ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছেন। কিছু গাছ ভালো থাকলেও অতিরিক্ত গরমে ক্ষেতের কিছু অংশ নষ্ট হয়েছে। গত বছর ভালো লাভ করেছিলেন। কিন্তু এবার লোকসানের আশঙ্কা করছেন তিনি। 

তাঁর অভিযোগ, এখন পর্যন্ত কৃষি বিভাগের কোনো কর্মকর্তা তাঁর ক্ষেত দেখতে আসেননি।

উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের উদ্যোগ :

উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম বলেন, ‘পাকুন্দিয়ার মাটি ও আবহাওয়া মুড়িকাটা পেঁয়াজ চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে ২৯০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ২০-২৫ মেট্রিক টন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উৎপাদন বাড়াতে কৃষকদের ডলোচুন ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামীতে ৩০০ হেক্টর জমিতে আবাদ সম্প্রসারণের লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যে মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে পারে। তবে উৎপাদনের পাশাপাশি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাকুন্দিয়ায় পেঁয়াজে পচন   মূলধন ফেরত   দুশ্চিন্তায় কৃষক  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close