প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’-এ স্বর্ণপদক অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক নারী উদ্যোক্তা মোছা. বিউটি বেগম। ‘প্রান্তিক খামারি ও অনগ্রসর জনগোষ্ঠীর অবদান’ ক্যাটাগরির ক্ষেত্র বিভাগে এ সম্মাননা পান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিউটি বেগমের হাতে স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিউটি বেগম ক্ষেতলাল উপজেলার হিন্দা-বজরবরাহী গ্রামের তোতা মিয়ার স্ত্রী। তিনি এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো), জয়পুরহাটের প্রাণিসম্পদ খাতের একজন সফল নারী উদ্যোক্তা ও সুফলভোগী। পিকেএসএফের আর্থিক সহযোগিতায় এসোর বাস্তবায়িত প্রাণিসম্পদ কার্যক্রমের আওতায় ‘বাক সার্ভিস সেন্টার’ (বিউটি পাঠার খামার) কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে এ সাফল্য অর্জন করেন।
বিউটি বেগমের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)। সংস্থাটির কৃষি ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতে নারীদের অংশগ্রহণ ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি সংস্থাটির কার্যক্রম ও পরিচিতি আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এ অর্জনের পেছনে সংস্থার নির্বাহী পরিচালকের দিকনির্দেশনা, কৃষি ইউনিটের নিয়মিত তদারকি ও উৎসাহ এবং উপনির্বাহী পরিচালক, ফোকাল পারসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথা উল্লেখ করেছে কৃষি ইউনিট।
ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া বলেন, সারা দেশে আটটি ক্যাটাগরিতে ২৩ জন সফল উদ্যোক্তাকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। তাদের মধ্যে বিউটি বেগম স্বর্ণপদক অর্জন করেছেন।
ক্ষেতলালের একজন প্রান্তিক নারী উদ্যোক্তার জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি অর্জনে স্থানীয়ভাবে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। এ সাফল্য এলাকার অন্য নারী উদ্যোক্তা ও খামারিদের প্রাণিসম্পদ খাতে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কেকে/ এসএমএন